টাকা লেনদেনের ভিডিও নিয়ে যা বললেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাকা লেনদেনের ভিডিও নিয়ে যা বললেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ণ

 

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজের টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার অর্থ লেনদেনের বিষয়টি পরিষ্কার করতে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল।

এতে জেলা ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, ভিডিওতে দেখা টাকা কোনো চাঁদাবাজির নয়, বরং সিরাজগঞ্জ সদর উপজেলাধীন সয়াগোবিন্দ এলাকায় জমি কেনাবেচার পাওনা টাকা।

এ সময় উপস্থিত ছিলেন ওই জমির মালিক মনোয়ার হোসেন জিন্নাহ ও প্রত্যক্ষদর্শী মোঃ জাহাঙ্গীর।

জুনায়েদ হোসেন সবুজ জানান, ১০ মাস আগে তার বাড়ির পাশের জমি মনোয়ার হোসেন জিন্নাহ মোঃ আজিজের কাছে বিক্রি করেন। জমিটির দাম ধার্য হয়েছিল ২৫ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে দুই কিস্তিতে মোট ২০ লাখ টাকা চেকে পরিশোধ করা হয়। বাকি টাকা জমি রেজিস্ট্রির সময় দেওয়ার কথা ছিল। সেই সময় জিন্নাহ টাকা গ্রহণ করতে গেলে তাকে কেবল প্রমাণস্বরূপ উপস্থিত থাকতে বলা হয়।

তিনি বলেন, ভিডিওতে উল্লেখিত ৬ হাজার টাকা আসলে দলিল লেখকের প্রাপ্য। অথচ ভিডিওর একটি অংশ যাচাই না করেই প্রকাশ করেছেন তৈমুর ফারুক নামে এক সাংবাদিক। তার এ ভিডিও বিভ্রান্তি তৈরি করেছে।

ছাত্রদল সভাপতি অভিযোগ করে বলেন, তার বন্ধু জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক নিজেও সেই টাকা লেনদেন এর সময় উপস্থিত ছিলেন। তবে তার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের ধরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

জুনায়েদ হোসেন সবুজ আরও বলেন, জমির দলিলের কপি আমি সিরাজগঞ্জ সদর থানায় জমা দিয়েছি এবং এ ঘটনায় মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

জমি বিক্রি করা মনোয়ার হোসেন জিন্নাহও একই বক্তব্য দিয়ে বলেন, ভিডিওতে যে অর্থ লেনদেন হয়েছে তা জমির পাওনা টাকা ছাড়া কিছু নয়। আর ৬ হাজার টাকা দলিল লেখকের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজের টাকা লেনদেনের একটি ভিডিও গত ২ সেপ্টেম্বর রাত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরদিন ৩ সেপ্টেম্বর সাংবাদিক তৈমুর ফারুক ভিডিওটি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন। যা পরবর্তীতে ভাইরাল হয়। যা সিরাজগঞ্জ জেলায় আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ