টাঙ্গাইলে একটি ভোটও চুরি করতে পারবেন না, প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘সারা দেশে কী হবে জানি না, তবে টাঙ্গাইলে একটি ভোটও চুরি করতে পারবেন না। ভালোভাবে ভোট হতে দেন। এখনো বহু মানুষ বঙ্গবন্ধু ও আপনাকে (শেখ হাসিনা) ভালোবাসে। কিছু কু-মানুষের পরামর্শ রিচার্জ করলে ভালোবাসা পাবেন না।’
আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। তিনি বলেন, ‘অস্ত্র কোনো শক্তি না, অস্ত্র যারা চালায়, তারাই শক্তি। আমরা অস্ত্র চালিয়েছি বঙ্গবন্ধুর নির্দেশে। এ কারণেই আমি বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছি।
‘মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখন বয়স ২৫ বছর। মা-বোনেরা ধর্ষিত হচ্ছে, ইজ্জত হারাচ্ছে। এ জন্যই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।’
ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি আবদুল হালীম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর, সদস্য আশিক জাহাঙ্গীর, পৌর জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপনসহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ