ডিজিটাল নিরাপত্তা আইন মুক্তচিন্তার ওপর নিষ্ঠুর আক্রমণ: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইন মুক্তচিন্তার ওপর নিষ্ঠুর আক্রমণ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ

 

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ মুক্তচিন্তার মানুষের ওপর নিষ্ঠুর আক্রমণ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারবিরোধী কণ্ঠস্বর বন্ধ করতে একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে দাবি করে এসব আইন বাতিলের আহ্বান জানান তিনি।

বুধবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারাবিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘মত প্রকাশের স্বাধীনতা সব ধরনের মানবাধিকারের চালিকাশক্তি’। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিপাদ্যটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৯১ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’র (বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস) স্বীকৃতি দেওয়া হয়। ইউনেসকোর মতে অবাধ, মুক্তচিন্তা এবং মত প্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের অন্তর্নিহিত শক্তি।

তিনি বলেন, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকসহ মুক্তচিন্তার মানুষদের ওপর চলছে নিষ্ঠুর আক্রমণ। সরকারবিরোধী কণ্ঠস্বর বন্ধ করতে একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সাংবাদিক ও বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে অন্তরীণ রাখা হচ্ছে। শুধু তাই নয়, তাদের জামিন পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করা হচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার। কোনো স্বৈরশাসকই চিন্তা, মুদ্রণ ও লেখনীর স্বাধীনতা সহ্য করতে পারে না। বাংলাদেশেও এখন একদলীয় স্বৈরশাসনে মুক্ত গণমাধ্যমের ওপর নামিয়ে আনা হয়েছে উৎপীড়নের খড়গ। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতাকে নিরুদ্দেশ করা হয়েছে। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন দেশে-বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলেও আওয়ামী লীগ সরকার এই আইনকে সাংবাদিক, ভিন্ন মতের মানুষ ও বিরোধীদলের নেতাকর্মীদের দমন করতে যথেচ্ছ ব্যবহার করছে। যাতে কেউ সরকারের বিরুদ্ধে সত্য কথা বলতে না পারে। এ সময় তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানান।

মির্জা ফখরুল আরও বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। এ লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ