ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ ব্যবহার হচ্ছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ ব্যবহার হচ্ছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

 

ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে-বিদেশে সমালোচিত হলেও আওয়ামী সরকার এ আইনকে যথেচ্ছ প্রয়োগের মাধ্যমে সাংবাদিক, ভিন্নমতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীর ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে, যাতে কেউ সরকারের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে না পারে।

গতকাল মঙ্গলবার চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মানুষের বাক-ব্যক্তিস্বাধীনতার ওপর চরম চপেটাঘাত। সরকারবিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন এবং সাংবাদিকসহ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে সরকার প্রমাণ করছে যে, তারা গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটিচাপা দিতে চায়। চলমান দুর্বার গণআন্দোলনকে ধূলিসাৎ করতে এবং বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মনে ভীতি সঞ্চার করতেই নিশিরাতের বর্তমান অবৈধ সরকার ধারাবাহিকভাবে নির্যাতন ও জুলুম চালাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপিসহ সরকারবিরোধী ভিন্নমতের মানুষের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিচ্ছে যে, সরকারের দুঃসহ কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে না। কিন্তু বিএনপি নেতাকর্মীর ওপর নিষ্ঠুর দমন নীতি প্রয়োগ করে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না। চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ