ডিবি কার্যালয়ে মাছ ও মুরগির মাংস দিয়ে ভাত খেলেন মার্কিন প্রতিনিধিরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক
ডিবি কার্যালয়ে এবার মার্কিন প্রতিনিধির একটি দল মধ্যাহ্নভোজ করেছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ডিবি পুলিশের কার্যালয়ে আসেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষক দল। সেখানে একটি বৈঠক শেষে তাদের আপ্যায়ন করান হারুন অর রশীদ।
ডিবি সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধিদের সাদা ভাত, মাছ ও মুরগির মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।
পর্যবেক্ষক দলে আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা ছিলেন।
বৈঠকে প্রতিনিধি দল জানাতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হারুন অর রশীদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর বিভিন্ন সময় ডিবি কার্যালয়ে বিশিষ্টজনদের মধ্যাহ্নভোজ করান হারুন অর রশীদ। বিশেষ করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন করার বিষয়টি বেশি আলোচিত হয়। এরপর অনেকেই ডিবি অফিসকে ‘ভাতের হোটেল’ বলে আখ্যায়িত করেন।
জনতার আওয়াজ/আ আ