ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না : জি এম কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ১২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ১২:২৮ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ সরকার।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারেন না।

রোববার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনের ব্যর্থতায় সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। যাদের ব্যর্থতায় সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তাদের জবাবদিহি করতে হবে।

দেশের সব হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে যথাযথ ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান কাদের।

হাসপাতালের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, হাসপাতালে বেড খালি নেই, বারান্দা, করিডোর ও সিঁড়ির নিচেও ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছে।

তিনি বলেন, হাসপাতালে পা ফেলার জায়গা নেই। পর্যাপ্ত জনবল ও সরকারি সহায়তার অভাবে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

তিনি আরো বলেন, জনবলের ঘাটতি ও অপর্যাপ্ত সরকারি সহায়তা স্বাস্থ্যসেবা পেশাদারদের পর্যাপ্ত চিকিৎসা প্রদানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

প্রতি দিন ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জি এম কাদের।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬৩ হাজার ৯৬৮ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৪ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০৩ জন মারা গেছেন। এর মধ্যে শুধু রাজধানীতেই ২৪১ জন। সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ