ঢাকা থেকে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু বৃহস্পতিবার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা থেকে জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভার মধ্য দিয়ে দলটির এই প্রচার কার্যক্রম শুরু হবে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের আমিরের নির্বাচনী সফরের বিস্তারিত সূচি জানানো হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকা-১৫ আসনে জনসভা শুরু হবে। এতে দলের আমিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে আগামীকাল সারা দেশে জামায়াতের প্রার্থীরাও নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় নির্বাচনী সভা করবেন জামায়াতের আমির। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে বড় ধরনের পথসভা ও কর্মসূচি থাকবে। পথে গুরুত্বপূর্ণ শহর বা বাজারগুলোতে তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সর্বশেষ পাবনার জনসভায় বক্তব্য দেবেন। উত্তরবঙ্গ সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ৬ ও ৭ আসনের জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরবর্তী কর্মসূচিগুলো স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গণভোটে ‘হ্যাঁ’-ভোটের পক্ষে থাকা প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলেছে বলে তারা অভিযোগ পেয়েছেন। জামায়াতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সিটি করপোরেশন দুঃখ প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘সরকার সরাসরি হ্যাঁ–ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ফ্যাসিবাদের দোসর ছাড়া আর কেউ গণভোটে না-ভোটের পক্ষে থাকার কথা নয়।’ ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ