ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলার আবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে ঢাকার-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের এক ব্যক্তি।
বুধবার (২৬ নভেম্বর) ওই ব্যক্তি ঢাকার সিএমএম কোর্টে মামলাটি করেন।
বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাহ ইস্যুতে ‘অবমাননাকর বক্তব্য দিয়ে ইসলাম ধর্মকে অপমান করেছেন’ মিজ তুলি।
এরআগে গত ১৫ই নভেম্বর একটি অনুষ্ঠানে চার বিয়ের বিষয়ে কিছু মন্তব্য করেছিলেন সানজিদা ইসলাম তুলি। তখন তিনি প্রশ্ন তোলেন, একজন পুরুষের ক্ষেত্রে চারটি বিবাহ করা যাবে, এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছেন কাউকে?
পরে একটি ফেসবুক স্ট্যাটাসে ওই বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘ইসলামে একজন পুরুষ সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারে, তবে কঠোর শর্ত হলো- প্রতিটি স্ত্রীকে সময়, অর্থ, অধিকার ও মর্যাদায় পূর্ণ সমান ন্যায়বিচার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে- ইসলাম নারীর সম্মান, অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই শুধু আইনের একটি অংশ ধরে নয়, পুরো নির্দেশনা অনুসারে চলা জরুরি। সমাজের দায়িত্ব হলো নারীর সব অধিকার নিশ্চিত করা এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা। তাই আমার বক্তব্য ছিল শুধু এই আমাদের বোনদের ধোঁকা দিয়ে লুকিয়ে বিয়ে করা, তাদের হক থেকে বঞ্চিত করা এবং প্রতারণা করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম ন্যায়, স্বচ্ছতা ও আমানতের ওপর জোর দেয়, প্রতারণার ওপর নয়। দয়া করে আমার বক্তব্যকে ভুলভাবে বা ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করবেন না। আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মুল্যবোধে বিশ্বাসী। কেউ ধর্মীয়বোধে আঘাত পেলে আমি আন্তরিকভাবে অনুতপ্ত।’
জনতার আওয়াজ/আ আ