ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে জয়ী নৌকার আরাফাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ২৮,৮১৬ ভোট।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু হয়েছে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কেন্দ্রের বাইরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশসহ সবাই তদন্ত করছে।
নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত সব কেন্দ্রের ফলে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫৬০৯ ভোট। পরে তার ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন হিরো আলম।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
জনতার আওয়াজ/আ আ