ঢাকায় একদিনে বিএনপির আরো ৭৮ নেতাকর্মীর কারাদণ্ড - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় একদিনে বিএনপির আরো ৭৮ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীতে একদিনে বিএনপির আরো ৭৮ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তাদের মধ্যে আছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি থানার মামলায় এ রায় দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃথক তিন আদালত। দশ বছর আগে তেজগাঁও থানায় করা নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ১৪ বিএনপি নেতাকর্মীকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন ঢাকা সিটির সাবেক কাউন্সিলর মো. আনোয়ারুজ্জামান আনোয়ার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, তেজগাঁও থানা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, রাজ, সেলিম, কবির, শফিজুর রহমান শাফিজ, যুবদল নেতা জালাল, শ্রমিকদল নেতা শাহ আলম, আব্দুল জলিল, ইউসুফ হোসেন মিন্টু, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাবু ও ছাত্রদল নেতা ঝন্টু।

২০১৮ সালে রাজধানীর বনানী থানায় করা নাশকতার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে দুই ধারায় এক বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত অপর এক আসামিকে খালাস দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য- মো. আবুল কালাম আজাদ, মো. মিজানুর রহমান, শাহজাহান সরকার, মোহাম্মদ মাহমুদুল হাসান আল মামুন, হাজী সৈয়দ আহমেদ মনজুর হোসেন, মো. ইমাম হোসেন, মো. সেলিম আহমেদ রাজু, শাজাহান বাবুর্চি, মিজানুর রহমান আক্তার, মোহাম্মদ রেজাউর রহমান ফাহিম। আসামিদের প্রত্যেককে দণ্ডবিধির ১৪৩ ধারায় তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪২৭ ধারায় দেড় বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওদিকে ২০১৮ সালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ডাকা মিছিলে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির ১৮ নেতাকর্মীকে ৪ বছরের সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রত্যেক আসামিকে তিন ধারায় দুই বছর, দেড় বছর ও ছয় মাসের সাজা দেন। সব সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক। ফলে তাদেরকে দুই বছর কারাভোগ করতে হবে।

অন্যদিকে ১৩ বছর আগে মতিঝিল থানায় করা বাস পোড়ানোর মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত।

আসামিদের প্রত্যেককে দুই ধারায় দুই বছর করে সাজা দেন বিচারক। ২০১৮ সালের রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতার অভিযোগে করা এক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপির ১৩ নেতাকর্মীকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত অন্য ৫ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ