ঢাকায় সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাজ্য - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় সংলাপে বসছে বাংলাদেশ-যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় কৌশলগত সংলাপে বসছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। প্রায় দুই বছর বিরতির পর হবে এবারের সংলাপ। সংলাপে দুই দেশের বন্দি বিনিময় চুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএ) নিয়ে আলোচনার ইঙ্গিত মিলেছে। আলোচনায় লন্ডনের দিক থেকে স্থান পেতে পারে বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গ।

একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় হতে যাওয়া সংলাপ নিয়ে রবিবার (২৭ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সংলাপের করণীয় নিয়ে আলোচনা হয়।

ঢাকায় অনুষ্ঠেয় সংলাপে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে থাকা ঢাকার এক কূটনীতিক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের চতুর্থ সংলাপ লন্ডনে হয়েছিল। সেসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যে অপরাধীদের যেন বিচারের আওতায় আনা যায় এ নিয়ে উভয়পক্ষ সম্মত হয়েছিল। দুই দেশ এ সংক্রান্ত দুটি চুক্তি করতে রাজি হয়েছিল। চুক্তিটি করার বিষয়ে সংলাপে তাগিদ দেওয়া হতে পারে।

একাধিক মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। পাশাপাশি একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী মঈনুদ্দীন লন্ডনে অবস্থান করছেন বলে ধারণা করছে বাংলাদেশ। পলাতক থাকায় তার রায় কার্যকর করা যায়নি। এছাড়া অবৈধ অস্ত্র ও জাল টাকা রাখার মামলায় সাজা হওয়া সেনাবাহিনীর সাবেক কর্নেল শহীদ উদ্দিন খান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানের কথা বলা হচ্ছে।

ঢাকার এক কূটনীতিক সূত্র জানায়, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু বাংলাদেশি নাগরিক দেশবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি করা গেলে এসব অপপ্রচারকারীদের দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা সহজ হবে।

সংলাপে আলোচনার বিষয়ে কূটনীতিকরা বলছেন, উভয়পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে। এর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা, ইন্দো-প্যাসিফিক ইস্যু, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় আলোচনার টেবিলে থাকবে। এছাড়া বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব, আন্তর্জাতিক অঙ্গনে সমর্থনের মতো বিষয়গুলো আলোচনায় থাকতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ