ঢাকার বিএনপি জনপ্রতিনিধিরা হরতাল-অবরোধ-অসহযোগসহ সর্বাত্মক আন্দোলন চান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার বিএনপি জনপ্রতিনিধিরা হরতাল-অবরোধ-অসহযোগসহ সর্বাত্মক আন্দোলন চান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

 

সরকারকে পদত্যাগে বাধ্য করতে হরতাল-অবরোধ-অসহযোগসহ সর্বাত্মক আন্দোলন চান বিএনপির ঢাকা বিভাগের তৃণমূলের জনপ্রতিনিধিরা। আগামী জুন তথা ঈদুল আজহার আগেই সেই আন্দোলন শুরুর প্রস্তাব দিয়ে সেখানে সব শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন তারা। অতীতে ঢাকায় আন্দোলন জোরদার না হওয়ার দায় স্বীকার করে আগামীর আন্দোলনে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন জনপ্রতিনিধিরা। তারা বলেছেন, ‘আমরা তৃণমূলে থাকি। জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা জনপ্রতিনিধিরা এবং দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে এই সরকার টিকতে পারবে না।’

গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের হাইকমান্ডের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরামর্শ ও প্রস্তাবনা দেন জনপ্রতিনিধিরা। বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই সভা হয়। এতে ২০০১ সাল থেকে এ পর্যন্ত বিএনপির সমর্থনে বিজয়ী ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান ২১৫ চেয়ারম্যান অংশ নেন। তাদের মধ্যে ৪০ জন বক্তব্য দেন। লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের মতামত নেন।


মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার এক সাবেক ইউপি চেয়ারম্যান বলেন, চলমান আন্দোলন নিয়ে জনপ্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেছেন। প্রায় সবাই চূড়ান্ত আন্দোলনের কথা বলেছেন। আগামী কোরবানি ঈদের আগেই সর্বাত্মক আন্দোলন চান তারা। কঠোর কর্মসূচি হিসেবে হরতাল-অবরোধ-অসহযোগের কথাও বলেছেন অনেকে।

বিএনপির হাইকমান্ডকে উদ্ধৃত করে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করুন, তৃণমূলে জনগণকে সংগঠিত করুন, সময়মতো আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সূত্র বলছে, সভায় দলের স্থানীয় কমিটিগুলোতে নিজেদের মূল্যায়নের অনুরোধ জানান জনপ্রতিনিধিরা। দলের হাইকমান্ডের পক্ষ থেকে দলে তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়।


বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আর কায়েম করে একদলীয় বাকশালী শাসন। তারা মানুষকে কথা বলতে দেয় না, এরা কীভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হলো? পথে-ঘাটে সব স্থানে বলে যাব, আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।

সভামঞ্চে উপবিষ্ট ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এবং সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। মতবিনিময় সভায় পরে যোগদান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সভায় নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, গাজীপুর জেলার সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, মুন্সীগঞ্জের সদস্য সচিব কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান, ওবায়দুল হক নাসিরসহ বিভিন্ন জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আগামী ৫ মার্চ ফরিদপুর ও কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাবেক ও বর্তমান আড়াই শতাধিক ইউপি চেয়ারম্যানের সঙ্গে বিএনপির হাইকমান্ডের মতবিনিময় করার কথা রয়েছে। এর আগে রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ