তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন দিন, কে ভোট চোর প্রমান হ‌বে: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন দিন, কে ভোট চোর প্রমান হ‌বে: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। কে ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে তার প্রমাণ দিবে জনগণ।

তি‌নি ব‌লেন, আসুন পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করেন। তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৭৪ দিন হরতাল করেছেন, বাসে আগুন লাগিয়ে মানুষ হত্যা করেছেন, আজকে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রথা আপনি বাতিল করেছেন। সংকট আপনিই সৃষ্টি করেছেন। আওয়ামী লীগই এদেশে সংকট সৃষ্টি করেছে। এই সংকট আপনাকেই নিরসন করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিন, নির্বাচন দিন।

বুধবার (১লা মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ট নগরীর পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, এ সরকারের আমলে তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। এই অবৈধ গণতান্ত্রিক সরকারের আমলে পুরো বাংলাদেশে খাল দখল, গাছ কেটে ফেলা হয়েছে। যে গাছের বয়স পাঁচ বছর হয়নি, সেই গাছ গুলোকেও টেন্ডার দিয়ে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের হাতে সঁপে দেওয়া হয়েছে।আজকে তাপপ্রবাহের কারণ হলো, বাংলাদেশে এই ১৫ বছর ক্ষমতায় থেকে যারা মেগা প্রকল্প লুট করেছে, খাল ও গাছ লুট করে বাংলাদেশ তাপ প্রবাহ সৃষ্টি করেছে। ইতিমধ্যে জনগণ এগুলো বলা শুরু করেছে।

তিনি বলেন, এ সরকার চিন্তা করে মেগা প্রকল্প কোথায় আছে, কিভাবে টাকা উপার্জন করা যায়, কোথায় লুট করা যায়। সীমান্তে গুলি করে মানুষ মারা হচ্ছে সরকারের সেদিকে কোনো খেয়ালই নেই। আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। আমরা আপনার (আ.লীগ সরকার) অধীনে কোনো নির্বাচনে যাবো না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করে নাই। গ্রহণ করবেও না। যদি সাহস থাকে তাহলে একবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।

তিনি আরও বলেন, বাংলাদেশের টাকা লুট করে যারা থাইল্যান্ড, কানাডা, আমেরিকায় বাড়ি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। তাহলে মানুষ বুঝবে আপনি জনগণের সরকার। যে দল বিরোধী দলকে দমন নিবেদন করার জন্য গুম করে, বিনা বিচারে কারাগারে নিয়ে যাওয়া হয়, বিনা কারণে গ্রেফতার হতে হয়, এসরকারকে দেশের মানুষ কখনো গ্রহণ করতে পারে না।

ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবি এম ফারুকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিমের পরিচালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি শিশু বিষয়ক সম্পাদক,আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা সহ বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটি সদস্য মাওলানা নেছারুল হক, ,নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুক দার, মস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ