তত্ত্বাবধায়ক সরকারটা এখন মৃত: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ

বিএনপির তত্ত্বাবধায়ক ইস্যু সম্পর্কে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে ইস্যু মৃত, সে মৃত ইস্যু নিয়ে রাস্তায় নামতে চেষ্টা করা কোনো রাজনৈতিক দলের জন্য কতটা সঠিক কাজ এটাও তাদেরকে ভেবে দেখতে হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকারটা এখন মৃত এবং বহু বছর ধরে মৃত। তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে এবং নষ্ট করে পঁচিয়ে ফেলেছে বিএনপি।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যখন তারা তাদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরী করতে গেছে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে পুরো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়ে গেছে। বিএনপির এখন আর কোনো ইস্যু নেই। তাই মৃত ইস্যু নিয়ে এখন আন্দোলন করে লাভ নেই।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা আমাদের দেশের সবাই যেন ভালো থাকে তার ব্যবস্থা গ্রহণ করছেন। এক সময় দেশের মানুষ না খেয়ে থাকতে হতো, কিন্তু বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না। প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নৌকায় ভোট দেয়াতে দেশের সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ইসলামের দোহাই দিয়ে যারা মিথ্যা বলে তারা ইসলামের সেবক নয়।’ গুজবে কান না দেয়ার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ