‘তদন্ত শেষ অবধি বিএনপি কার্যালয়ে কোনো প্রবেশ নয়’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘তদন্ত শেষ অবধি বিএনপি কার্যালয়ে কোনো প্রবেশ নয়’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ

 

পুলিশি তদন্ত শেষ হওয়ার আগে বিএনপির কার্যালয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপির জয়েন্ট কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ফকিরাপুল মোড়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। তাই কার্যালয়টিকে ক্রাইমসিন হিসেবে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে।’

বিএনপি কার্যালয় ও সংলগ্ন এলাকা পুলিশ ঘিরে রেখেছে। এ অবস্থা কত সময় থাকবে জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, ‘এটা একটা ক্রাইম সিন। কালকে থেকে আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে অনেক বোমা, ককটেল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তিতে আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হই। অভিযানে প্রচুর পরিমাণে ককটেল ও নাশকতা চালানোর মতো সরঞ্জাম উদ্ধার করি। এটি হচ্ছে ঘটনাস্থল, যেটাকে পুলিশের ভাষায় প্লেস অব অকারেন্স বলে থাকি। এই ক্রাইম সিনে সিআইডির টাম, ডগ স্কোয়াড এসে কাজ করবে। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট দিনের আগে শেষ হবে কিনা বিষয় না। আমাদের কথা হচ্ছে এখান থেকে বোম্ব নিক্ষেপ করা হয়েছে, আমাদের সদস্যদের আহত করা হয়েছে। সাধারণ জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষ এখানে আহত হয়েছে, সাধারণ মানুষ এখানে নিহত হয়েছে। আমাদের তদন্ত চলমান, কতদিনে শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না।’

মামলার বিষয়ে তিনি বলেন, ‘অনেকগুলো মামলা প্রক্রিয়াধীন আছে। পল্টন, মতিঝিলসহ কয়েকটি থানায় মামলা হচ্ছে। কারা আসামী হচ্ছে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, যাদেরকে আমরা আটক করেছি, তাদের সবার বিরুদ্ধে মামলা হবে। আমাদের কাছে আরো তথ্য থাকলে আমরা তাদের বিরুদ্ধেও মামলা করব।’

পুলিশ ব্যাগে করে কার্যালয়ে ককটেল নিয়ে এসেছে বলে বিএনপি মহাসচিব বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিরা সুইপিং কমেন্টস করলে তা ঠিক হবে না। পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী। পুলিশের পক্ষ থেকে আনলফুল কোনো কাজ করা হয় না। উনি এ ধরণের কথা বলে থাকলে তা উনার ব্যক্তিগত মতামত। আমরা ভিতর থেকে উদ্ধার করেছি। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যে উদ্ধার করেছে তা আপনারাও দেখেছেন। বোম্বগুলো এখানে ডিসপোজাল করা হয়েছে। এগুলো যারা বলে তারা মিথ্যাচার করে, মিথ্যাচার নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ