তামাশার নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না : ডা: ইরান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৩:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৩:২২ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, তামাশার নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নাই। তাই তারা ভোটকেন্দ্রে যাবে না। কারণ এই নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব। তারা ক্ষমতা ৫ বছরের জন্য নবায়ন করে জনগণের সম্পদ লুটপাটের অপচেষ্টায় লিপ্ত।
তিনি বলেন, দেশে নির্বাচনের নামে একতরফা নির্বাচনের আয়োজন করেছে আওয়ামী লীগ। তারা আইন শৃঙ্খলাবাহিনী ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে জবাই করেছে। জনগণকে জিম্মি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ত্রাসের রাজত্ম কায়েম করেছে। জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুবৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়। তাই সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিবাদী কুশাসন থেকে রক্ষায় রাজপথ দখল করতে হবে।
শুক্রবার বিকেলে পল্টন মোড় এলাকায় বাংলাদেশ লেবার পার্টির পক্ষে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সাথে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মহানগর নেতা এনামুল হক, ইমরান হোসেন, ছাত্রমিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান আহমেদ ও প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ নেতাকর্মীরা অংশ নেন।
জনতার আওয়াজ/আ আ