তারেক রহমানের ছবি ব্যবহারে ইসিতে আপত্তি জানালো এনসিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রচারপত্রে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চলমান সংলাপে অংশ নিয়ে এ অভিযোগ তোলে দলটি।
এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, নির্বাচনি বিধিমালা অনুযায়ী প্রার্থী তার নিজের, দলীয় প্রতীক এবং দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারেন না।
তিনি বলেন, ‘বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়ার ছবি ব্যবহারে আমাদের আপত্তি নেই। কিন্তু প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছে- এটি সুস্পষ্টভাবে বিধি লঙ্ঘন।’
এনসিপি ইসিকে এ বিষয়ে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
সংলাপে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন এখনো প্রস্তুতি দেখাতে পারেনি। তিনি দ্রুত গণভোটের প্রক্রিয়া শুরু করার দাবি জানান।
দলটি আরও জানায়, জোটগত সম্পর্ক থাকলেও কোনো প্রার্থী অন্য দলের প্রতীক বা প্রচারের পরিচয় ব্যবহার করতে পারবেন না- নিজ নিজ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
জনতার আওয়াজ/আ আ