তারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ লাখের বেশি লোকসমাগমের টার্গেট - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের প্রত্যাবর্তন: ১০ লাখের বেশি লোকসমাগমের টার্গেট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর মাত্র ২ দিন পর দেশে ফিরছেন। ১৭ বছরের বেশি সময় পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে নানামুখী প্রস্তুতি নিয়েছে বিএনপি। তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে ১০ লাখের বেশি লোকসমাগমের পরিকল্পনা রয়েছে দলটির। জানা গেছে, প্রার্থীরা নিজেদের শক্তি জানান দিতে সর্বোচ্চ নেতা-কর্মীর সমাগম ঘটাতে প্রস্তুতি নিচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সরকারি বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া রাজধানীর ৩০০ ফিটে ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়ার জন্য ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ শুরু করেছে দলটি।

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের ফেরার দিনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতি। বিমানবন্দর থেকে ৩০০ ফিটের গণসংবর্ধনাস্থল এবং গুলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে নেতা-কর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সারা দেশ থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের মধ্যে অধিকাংশ নেতা-কর্মী চলে আসবেন। দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে বিমানবন্দরে রিসিভ করবেন। এ ছাড়া ঘোষিত সম্ভাব্য প্রার্থী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে এদিনের কর্মসূচি সফল করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখতে আসবেন নাকি ৩০০ ফিটের গণসংবর্ধনাস্থলে যাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এভারকেয়ারে আগে যাওয়ার সম্ভাবনা বেশি। সেটা মাথায় রেখেই সবকিছু সাজানো হচ্ছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতা-কর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতোমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চাওয়া হয়েছে।

অভ্যর্থনা কমিটির সদস্যসচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি। প্রতিদিন প্রস্তুতি সভা হচ্ছে। সারা দেশের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি সভা হয়েছে, সব অঙ্গসংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে, মিডিয়ার সঙ্গেও হয়েছে। আশা করছি, ২৫ তারিখ হবে ঐতিহাসিক দিন।

তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন
সূত্র জানায়, এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার জন্য ট্রাভেলে পাস পেয়েছেন। বিমানের বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২০ ফ্লাইটে টিকিট বুকিং করেছেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকায় অবতরণের আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করবে।

সূত্র জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছেন তারেকের স্ত্রী জুবায়দা রহমান ও কন্যা জায়মা রহমান। এ ছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আবদুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনেরও টিকিট বুকিং রয়েছে। টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬ লাখ টাকা।

দলীয় নিরাপত্তা
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের পক্ষ থেকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দলের বিশ্বস্ত নেতা-কর্মীদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করছেন। এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনও বৈঠক করছে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত তারেক রহমানকে কয়েক স্তরের নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশে ফেরার পর তিনি বিমানবন্দর থেকে যেকোনো জায়গায় যাওয়ার সময় পাবেন পুলিশ প্রোটেকশনসহ বিশেষ নিরাপত্তা। এ ছাড়া তার বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। শহিদ হাদির বিষয়টি সামনে রেখে সাদাপোশাকেও ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, দেশে প্রত্যাবর্তনের পর যেকোনো সময় বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির একটি সূত্র জানায়, প্রত্যাবর্তনের পর দিন শুক্রবার তিনি বাবার মাজারে যেতে পারেন।

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘আমরা প্রিয় নেতার দেশে ফেরার প্রস্তুতির মধ্যে আছি। প্রস্তুতি খুব ভালো। আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করা। ইতোমধ্যে দলীয় নেতা-কর্মীরা ঢাকায় আসা শুরু করেছেন। সোমবার ও মঙ্গলবারের মধ্যে অধিকাংশ মানুষ ঢাকায় চলে আসবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ