তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে দেওয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে দেওয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় এনসিপিকে সেই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধি-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, ‘প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনি বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না বলে আশা করি। অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তা যাতে নির্বাচনি দায়িত্বে না থাকেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।’

নির্বাচন কমিশন কারও পক্ষপাতিত্ব বরদাশত করবে না বলে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য- একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা। তাই পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।’

এ সময় পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে এককভাবে বুকে হাত দিয়ে বলতে পারবে না, আমাদের কোনো কলঙ্ক নেই। বিগত সময়ের দাগ সব বিভাগেই আছে। আমাদের যে আস্থা আর সমন্বয়ের সংকট তা কাটিয়ে উঠতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ