‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন ছাড়া তিস্তা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : মুজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১৫, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১৫, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া উত্তরাঞ্চলের তিস্তা পাড়ের বিশাল এই জনগোষ্ঠীর টেকসই ও স্থায়ী সমাধান সম্ভব নয়।’
রোববার (১৪ জুলাই) রংপুর জেলার গঙ্গারচড়া উপজেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণে তিস্তার বন্যায় বসত-ভিটা ভেঙ্গে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও সংস্কারের জন্য জামায়াতে ইসলামী আয়োজিত আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মো: মমতাজ উদ্দিন।
অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন,‘রাষ্ট্রীয় উদ্যোগে ‘তিস্তা মহাপরিকল্পনা‘ বাস্তবায়ন ছাড়া উত্তরাঞ্চলের তিস্তা পাড়ের বিশাল জনগোষ্ঠীর টেকসই ও স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের জীবনমান উন্নয়ন এবং জীবন-জীবিকার ব্যবস্থাও সম্ভব নয়। প্রতিবছরই বন্যা, খড়া, নদী ভাঙ্গন, ঘরবাড়ি বিলীন হওয়াসহ রাস্তা-ঘাট ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির মধ্য দিয়েই চলতে হবে এ অঞ্চলের মানুষদের। সব হারিয়ে তিস্তা পাড়ের মানুষগুলো চরম দারিদ্র্য সীমায় উপনীত হবে এবং তারা অমানবিক জীবন-যাপনে বাধ্য হবে। তাই তিনি সরকারকে এখনই যুগ-উপযোগী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
তিনি বলেন, সিলেট, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুরসহ দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় মজলুম কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যার শুরু থেকে এখন পর্যন্ত সাধ্যমত সামর্থ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। মহান রবের পক্ষ থেকে মানবতার কল্যাণে পাশে দাঁড়ানো আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। তাই জামায়াতে ইসলামী এ দায়িত্ব পালনে আর্তমানবতার কল্যাণে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। বন্যাদুর্গত এলাকায় জামায়াতের মানবিক কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের জনকল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল গনি, গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমির অধ্যাপক তাজউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ