দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন চাই: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ

বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ
ছবি: প্রতিনিধি
আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশের উন্নয়ন চাই, বিরোধী দলের এমপি থাকলে এলাকার উন্নয়ন হবে না, এ কথা প্রধানমন্ত্রী তারেক রহমান ভুল প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, বর্তমান সরকার কঠিন সময় পার করছে, বিগত সরকারের সময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে তাই আমাদের অর্থের অভাব আছে-কাজেই সরকারি অর্থের অপচয় করা এই সরকারের পক্ষে সম্ভব নয়।
মঙ্গলবার (১২ মে) ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নের সব কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আজকের এই খাল পুনঃখনন কাজটি উন্নয়নের মাইলফলক হিসেবে থাকবে এবং এ ধারা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে এটি খেয়াল রাখতে হবে যে, আমরা খাল খনন করে যাচ্ছি। কিন্তু এই খাল যাতে আবার ভরাট না হয়ে যায়- সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।
তিনি বলেন, এই আসনে (ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা) ধানের শীষ বিজয়ী হতে পারেনি, তবুও আমরা উন্নয়নের ছোঁয়ায় এই এলাকাকে আবদ্ধ করতে চাই। খাল খনন করেছি, রাস্তার উন্নয়ন হবে, মিনি স্টেডিয়াম, ফায়ার সার্ভিসসহ সব ধরনের উন্নয়ন হবে এই এলাকায়। এ রকম অসংখ্য কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে তারাকান্দায় কর্মসূচি পালন শেষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কৈচাপুর ইউনিয়নের খাল খনন করেন প্রতিমন্ত্রী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহহেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ