দুই কোটি মানুষের জন্য এই তেলটুকুই আছে! - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই কোটি মানুষের জন্য এই তেলটুকুই আছে!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ৫:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৭, ২০২২ ৫:৫৪ পূর্বাহ্ণ

 
আন্তর্জাতিক ডেস্ক

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা জ্বালানীর নতুন সরবরাহ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা। তিনি জানান, ২ কোটি ২০ লক্ষ জনসংখ্যার সঙ্কটাপন্ন দেশটিতে আর মাত্র ১৫,০০০ টন পেট্রল ও ডিজেল মজুদ আছে। যা দিয়ে আগামী দিনগুলোতে অত্যাবশ্যক সেবা চালু রাখতে হবে।

শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা সরবরাহকারী খুঁজে পেতে হিমশিম খাচ্ছি। তারা আমাদের ব্যাংকগুলোর লেটার অফ ক্রেডিট (এলসি) গ্রহণ করতে অনিচ্ছুক। প্রায় ৭০ কোটি ডলারের বকেয়া রয়েছে তাই সরবরাহকারীরা এখন অগ্রিম চায়।’ খবর মালয় টাইমস।

গত দুই মাসে শ্রীলঙ্কা তার বেশিরভাগ জ্বালানীই ৫০ কোটি ডলারের এক ভারতীয় ঋণ-এর মাধ্যমে ক্রয় করে। তবে সেটিও মধ্য-জুলাইয়ে শেষ হয়ে যায়। গত বৃহস্পতিবার পেট্রলের এক চালান এসে পৌঁছানোর কথা থাকলেও তা আসেনি। অপর দিকে, নতুন করে কোন জ্বালানী আসারও কথা নেই বলে বিজেসেকেরা জানান।

তিনি বলেন, ‘আমাদের কাছে প্রায় ৯,০০০ মেট্রিক টন ডিজেল এবং ৬,০০০ মেট্রিক টন পেট্রল বাকি আছে। আমরা নতুন মজুদের জন্য আমাদের পক্ষে সম্ভব সবকিছুই করছি কিন্তু আমরা জানিনা সেটা কবে হবে।’

শ্রীলঙ্কা রবিবার দিনের শুরুর দিকে জ্বালানীর মূল্য ১২%-২২% বৃদ্ধি করেছে। মে মাসে একদফা জ্বালানীর দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি ৪৫.৩% পৌঁছে যায়, যা ২০১৫ সালের পর থেকে সর্বোচ্চ।

তেলের পাম্পগুলোর বাইরে ইতোমধ্যেই অপেক্ষমান মানুষের সারি কয়েক কিলোমিটার দীর্ঘ হয়ে পড়েছে। তবে, তাদের জ্বালানী পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। জ্বালানীর অবশিষ্ট মজুদ সরকার গণপরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে মনোযোগ দিবে বলে বিজেসেকেরা জানান।

তিনি বলেন, তেলের পাম্পগুলোতে ইতোমধ্যেই সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন তারা অপেক্ষমান মানুষদের মধ্যে টোকেন বিলি করবে। অনেকে সেখানে কয়েকদিন ধরেও অপেক্ষা করছেন। তিনি আরও জানান যে, বন্দর ও বিমানবন্দরগুলোতে জ্বালানী রেশন করে দেওয়া হবে।

এ ছাড়া, সরকার রবিবার প্রায় ১০ লক্ষ সরকারি কর্মীকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নিজ বাসা থেকে কাজ করতে বলেছে। ৩০০ কোটি ডলারের সম্ভাব্য এক উদ্ধার তহবিলের বিষয়ে আলাপ করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি দল ইতোমধ্যেই শ্রীলঙ্কায় অবস্থান করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ