দুই ঘন্টার ব্যবধানে মৃত্যু : ছেলের শোকে চলে গেলেন বাবাও
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবাও চলে গেলেন না ফেরার দেশে। এ যেন এক মর্মান্তিক ঘটনা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার চাপড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ছেউড়িয়া মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমারখালী উপজেলার ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকার বাসিন্দা আবিদুল ইসলাম (৪১) এবং তার বাবা কাবিল হোসেন (৬৫)। আবিদুল ইসলাম ইজিবাইকচালক ছিলেন। আবিদুল দুই ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আবিদুল ইসলাম। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা কাবিল হোসেন মারা যান।
দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে শোকার্ত স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ছেলে ও বাবার এমন মৃত্যুতে সবাই যেন বাক্রুদ্ধ।
বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন, ছেলের মৃত্যুর শোকে বাবাও মারা গেছেন। একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনতার আওয়াজ/আ আ