দুই যুগ ধরে নেই নির্বাচন, তালাবদ্ধ ছাত্র সংসদের কক্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই যুগ ধরে নেই নির্বাচন, তালাবদ্ধ ছাত্র সংসদের কক্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

 

তিতুমীর কলেজ প্রতিনিধি

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সরকারি তিতুমীর কলেজ’। প্রায় ৩৫ হাজারের শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ১৯৬৮ সালে। বর্তমানে কলেজটিতে তিনটি অনুষদের অধীনে ২৩ টি বিষয়ের উপর স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা এবং অন্যান্য সার্বিক দিক বিবেচনায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠার পরপরই (১৯৬৯-৭০) সালে এ কলেজে গঠিত হয় প্রথম ছাত্র সংসদ। প্রতিষ্ঠার ৫৭ বছরে এ প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ১০ বার।

সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় (১৯৯৬-৯৭) সালে। এরপর গত দুই যুগের বেশি সময় অতিবাহিত হলেও কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য ছিল সকল ক্যাম্পাসে। ব্যতিক্রম নয় তিতুমীর কলেজও। শিক্ষার্থীরা এই ছাত্র সংগঠনের কাছে জিম্মি ছিলেন। কেউ কোনো অন্যায়ের প্রতিবাদ বা কোন অধিকারের কথা বললে তার ওপর নেমে আসত নানান ধরনের অত্যাচার-নির্যাতন। ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষার্থীদের বুকের ওপর থেকে ছাত্রলীগের সেই পাথর নেমে যায়। তাই উন্মুক্ত পরিবেশে পুনরায় ছাত্র সংসদ নির্বাচন হবে সেই আশায় বুক বাঁধেন শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে কলেজের ছাত্র সংসদের জন্য নির্ধারিত কক্ষটি। ছাত্রলীগ থাকা অবস্থায় কক্ষটি ব্যবহার করতো শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এজন্য আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের শিকার হয়েছিলো কক্ষটি।

এ অবস্থায় অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ চালুর দাবি করেছেন অনেকেই।

কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল বুশরা বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও গণতান্ত্রিক নেতৃত্বের পথ তৈরি করে। এটি শিক্ষার্থীদের স্টেকহোল্ডার হিসেবে ভূমিকা রাখতে শেখায় এবং ক্যাম্পাসভিত্তিক স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা প্রতিষ্ঠা করে এবং এর মাধ্যমে দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তৈরি হয়। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচনের প্রতি আগ্রহ ও ইতিবাচক মনোভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত।

ছাত্রসংসদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলা উদ্দিন মিনহাজ বলেন, আমরা জুলাই আন্দোলনের পরবর্তী সময় থেকে বলে আসতেছি ছাত্র সংসদ নির্বাচন হলে তিতুমীরের সকল শিক্ষার্থীদের জন্য ভালো হয়। ছাত্র প্রতিদিন তৈরি হবে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সময়ে তিতুমীর কলেজে ছাত্র সংসদ নির্বাচনটা হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতুমীর কলেজ শাখার সভাপতি শরিফুল ইসলাম যিয়াদ বলেন, ছাত্র সংসদ নির্বাচনটা খুবই জরুরী ক্যাম্পাসের জন্য। এটি থাকলে লেজুড়বৃত্তিক সংগঠনগুলোর একক আধিপত্য থাকেনা। ওই জায়গা থেকে আমরা বলে আসছি ছাত্রদের কল্যাণে, ক্যাম্পাসের কল্যাণে এবং শিক্ষার মান উন্নয়নে ছাত্র সংসদ নির্বাচনটা খুব দ্রুত দেওয়া প্রয়োজন। আমরা খুব শীঘ্রই এটা নিয়ে কলেজ প্রশাসনের কাছে দাবি জানাবো, যাতে তারা রোডম্যাপ দেয় ও নির্বাচন কমিশন গঠন করে।

তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মুনতাসির আনসারী জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দলের প্রভাব ও নিপীড়নের শিকার হয়ে আসছে। চব্বিশের জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীরা আর কোন নিপীড়নের শিকার না হয়, সে জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় এবং নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্র সংসদ অপরিহার্য। সব ছাত্রসংগঠনের সহযোগিতায় নেতৃত্বগুণে সমৃদ্ধ শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

এ প্রসঙ্গে শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে। ছাত্র সংসদ নির্বাচনের জন্য সময়ের প্রয়োজন, পরিবেশ প্রয়োজন।

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা প্রকাশ্য রাজনীতি করে দীর্ঘ সময় জেল জুলুমের শিকার হয়েছে। ক্যাম্পাসে প্রত্যেকটি ছাত্র সংগঠন দৃশ্যমান হওয়ার পরে ছাত্র সংসদ নির্বাচন হাওয়া দরকার।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ জানান, যেহেতু তিতুমীর কলেজ একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তাই সরকারের অনুমতি ছাড়া ছাত্র সংসদ নির্বাচন হওয়া সম্ভব নয়। হোক সেটা বর্তমান সরকার কিংবা নির্বাচিত সরকার। শিক্ষার্থীরা যদি লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ছাত্র সংসদ নির্বাচন জন্য আবেদন করে তাহলে আমি তা সরকারের কাছে পৌঁছে দিবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ