দুর্নীতি আড়াল করতেই আবারও সারের দাম বৃদ্ধি, অভিযোগ প্রিন্সের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতি আড়াল করতেই আবারও সারের দাম বৃদ্ধি, অভিযোগ প্রিন্সের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

 

সরকার নিজেদের দুর্নীতি, লুটপাট ও ব্যর্থতা আড়াল করতে আবারও সারের মূল্য বৃদ্ধি করে কৃষকের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আজ বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে বিএনপির মানববন্ধন ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে গত ১০ এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, যা ১৬ এপ্রিল পর্যন্ত চলবে।

সরকার মিথ্যা অজুহাত দিয়ে সারের মূল্যবৃদ্ধি করেছে দাবি করে এমরান সালেহ প্রিন্স বলেন, বিশ্ববাজারে বিভিন্ন সারের দাম যখন ২৫ থেকে ৬২ শতাংশ কমেছে, সরকার তখন বিশ্ব বাজারে ঊর্ধ্বগতির মিথ্যা তথ্য দিয়ে নিজেদের দুর্নীতি, লুটপাট ও ব্যর্থতা আড়াল করতে আবারও সারের মূল্য বৃদ্ধি করে কৃষকের সঙ্গে প্রতারণা করেছে। বারবার সার, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোড়া ছেড়ে দিয়েছে। এতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

তিনি বলেন, সরকার গণদাবি মেনে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলন শহর-গ্রামে ছড়িয়ে পড়েছে। জনসাধারণের অংশগ্রহণ ও সম্পৃক্ততাও বেড়েছে। জনগণের আন্দোলনের বিজয় সুনিশ্চিত।

মানববন্ধনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন সেলিম, এমদাদ হোসেন, দিদার মণ্ডল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, জেলা মহিলা দল নেত্রী মাজেদা বেগম, জেলা জাসাস সহসভাপতি রাব্বি কায়সার আরাফাত, ইউনিয়ন বিএনপি নেতা মোতালেব হোসেন, নুরুল ইসলাম, হারুন অর রশীদ, আকিকুল ইসলাম, ফজলুর রহমান, যুবদল নেতা মোতালেব হোসেন, ছাত্রদল নেতা আবু রায়হান, এম আর আল আমিন, সারোয়ার হোসেন রুবেল উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে পথচারীসহ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পরে এমরান সালেহ প্রিন্স ধারা ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ