দেশ ও গণতন্ত্রের বিষয়ে কোনো আপস নয় :মামুন হাসান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ ও গণতন্ত্রের বিষয়ে কোনো আপস নয় :মামুন হাসান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ

 

জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেছেন, এই মাফিয়া সরকারের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের জান-মাল, মানবাধিকার কোনোটাই নিরাপদ নয়। তারা মুক্তিযুদ্ধের ভুয়া লেবাস পড়ে গণতন্ত্রকে হরণ করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। লুটপাট আর পাচার করে অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। এখন পুরো দেশটাই গিলে ফিলতে চাইছে। তাই দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিতে হবে। এ বিষয়ে কোনো আপস চলবে না।

আজ রোববার বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল করতে এ সভার আয়োজন করা হয়।

মামুন হাসান বলেন, এই সরকারের সময় শেষ। তাই তারা আরেকবার মরণকামড় দিতে চাইবে। কিন্তু যতই নির্যাতন আর অত্যাচার করুক তাদের চলমান আন্দোলনকে ব্যাহত করতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ রক্ষায় যে আন্দোলনের ডাক দিয়েছেন তা যে কোনো মূল্যে সফল করা হবে।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, হত্যা, গুম, নির্যাতন আর গায়েবি মামলা দিয়ে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা চলছে। কিন্তু জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা এসব ভয়কে জয় করেছে। তারা মামলা-হামলাকে আর ভয় পায় না। বরং নিজের জীবনকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দলের জন্য উৎসর্গ করতে সবাই মাঠে নেমে এসেছে। সামনের আন্দোলনে তিনি নিজেও সামনের সারিতে থাকবেন এবং যুবদলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে আছেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, মহানগর যুবদল নেতা এমএ গফফার, রবিউল ইসলাম নয়ন, জহিরউদ্দিন তুহিনসহ আরও অনেকে। একই দিন বিকেলে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ