দেশ জুলুমবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে : সালাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ২১, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ২১, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন জুলুমবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন বর্তমান সরকারের দমন-পীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। বর্তমানে কোনো অপরাধের সাথে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে যাত্রাবাড়ী, ডেমরা, কামরাংগীরচর ও শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এক সমন্বয় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই নিশিরাতের আওয়ামী কতৃর্ত্ববাদী সরকার নেতাকর্মীদের ওপর নির্দয় জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। কোনো মামলা কিংবা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ফ্যাসিস্ট আওয়ামী অবৈধ সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে কারান্তরীণ করছে।
তিনি বলেন, বর্তমান গণবিরোধী সরকারের স্মরণ করা উচিত যে, অতীতে যেমন কোনো স্বৈরশাসক বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আন্দোলন সংগ্রাম দমাতে সক্ষম হয়নি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের নিরস্ত করতে পারবে না। সরকারি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
এতে আরো বক্তব্য রাখার মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বাবায়ক আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতা খন্দকার এনামুল হক প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ