দেশকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেও জনগণ এই সরকারকে ভোট দিবে না: সেলিনা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশকে সোনা দিয়ে মুড়িয়ে দিলেও জনগণ এই সরকারকে ভোট দিবে না: সেলিনা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আজকে শেখ হাসিনা যদি সোনা দিয়ে দেশকে মুড়িয়ে দেয় তবুও জনগণ এই সরকারকে ভোট দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান।

সোমবার (১০ জুলাই) ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও আন্তর্জাতিক চাপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ।

আলোচনা সভায় বেগম সেলিনা রহমান বলেন, ‘আজকে শেখ হাসিনা যদি সোনা দিয়ে দেশকে মুড়িয়ে দেয় তবুও জনগণ এই সরকারকে ভোট দিবে না। তারা এটা বুঝে গিয়েছে বলেই আজকে নানা রকমভাবে নিপীড়ন করছে। আপনাদের মনে আছে পাকিস্তান বাহিনী যখন এই দেশ থেকে চলে গিয়েছিল তখন কিভাবে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এই দেশের মানুষ যাতে মাথা খাড়া করে দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করেছিল। আজকে ঠিক একইভাবে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতে পারে তাহলে চেষ্টা করবে দেশকে ধ্বংস করতে।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কারা। গণতন্ত্রের জন্য লড়াই করেছে সাধারণ মানুষ আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া। এখন সমগ্র দেশের জনগণ আর আমরা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য কাজ করছি। আমি সেদিন পত্রিকায় দেখলাম বিদ্যুৎ কেন্দ্র এখন লুটেরা মডেল। কাল দেখলাম বেসিক ব্যাংকের নয় কোটি টাকা আত্মসাৎ করে একজন সচিব পদে উন্নিত হয়েছেন। দেখা যাচ্ছে যত দুর্নীতিবাজ যত লুটেরা যত মানি লন্ডারিং সবকিছু করছে একটি মাত্র দল থেকে সেটা হচ্ছে সুবিধাগোষ্ঠী দল। বর্তমান আওয়ামী লীগ ও তাদের সাথে সংশ্লিষ্ট যারা। যারা আজকে দেশের জনগণের উপর নিপিড়ন চালাচ্ছে।’

আওয়ামী লীগকে সন্ত্রাসী বলে উল্লেখ করে সেলিনা বলেন, ‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছিল। বাসে আগুন লাগিয়ে অগ্নি সন্ত্রাস করেছিল। এগারোজনকে হত্যা করেছিল। সেখানে আমরা (বিএনপি) কিন্তু ছিলাম না। কিন্তু আওয়ামী লীগ বিএনপির উপরে জঙ্গি বলে সন্ত্রাসী বলে দোষ চাপাচ্ছিল। আসলে সন্ত্রাস কারা ? সন্ত্রাস হচ্ছে আওয়ামী লীগ। আপনারা কি ভুলে গিয়েছেন রমনা পার্কের সে সিরিজ বোমা হামলার কথা ? সমস্ত কিছু করেছে কিন্তু আওয়ামী লীগ। কিন্তু সেটাকে জঙ্গি বলে বিশ্ব বিবেককে ভুল বুঝাবার চেষ্টা করেছিল। বিএনপির উপর সমস্ত দোষ চাপিয়ে। আজকে বিশ্ব বিবেকে নাড়া দিয়েছে। নাড়া দিয়েছে কেন? কারন তারা দেখতে পাচ্ছে বিএনপি সমগ্র রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটামাত্র লক্ষ্যে পৌঁছেছে। সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারেনা, হতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সারা বিদেশ সফর করে হাত পেতে ভিক্ষা জন্য গিয়েছিলেন। কিন্তু কোথাও কোন সুবিধে করে পারেননি। তাই আজকে আমরা একটা কথাই বলতে চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোন নির্বাচন করব না। কিন্তু তার জন্য আমাদের রাজপথে থাকতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়া এখনো কারাগারে বন্দী। তিনি কারাগারে যাওয়ার আগে বলে গিয়েছেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ‘বাংলাদেশ যাবে কোন পথে দেখা হবে রাজপথে।’ তাই আমাদের ফয়সালা হবে রাজপথে। এই রাজপথে শুধু আমরা বিএনপি না, দল মত নির্বিশেষে সকলকে থাকতে হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল আমিন রোকন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ