দেশব্যাপী বিএনপির গণমিছিল আজ, ঢাকা মহানগরে ৩০ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ

আজ শনিবার (২৪ ডিসেম্বর) সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা বাদে দেশব্যাপী জেলা ও মহানগরে গণমিছিল করবে বিএনপি। আর সারাদেশের জেলা মহানগরে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কারণে ঢাকা মহানগরীতে গণমিছিল হবে আগামী ৩০ ডিসেম্বর।
বর্তমান সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজপথে নামবে বিএনপি ও সমমনা দলগুলো। ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে সরকার পতনে ১০ দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
তবে এসব দফা ও কর্মসূচির প্রতি সমর্থন জানায় বিলুপ্ত ২০ দলীয় জোটের সব শরিক ও সমমনা দলগুলো। জামায়াতে ইসলামীও বিএনপির এ কর্মসূচিতে সমর্থন জানিয়ে মাঠে থাকার ঘোষণা দেয়।
গতকাল বৃহস্পতিবার বিএনপির নয়া পল্টন অফিসে এক সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সর্বস্তরের জনসাধারণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি জেলা ও মহানগরের গণমিছিলে যোগ দিয়ে ১০ দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রিন্স জানান, রংপুরে গণমিছিল হবে আগামী ৩০ ডিসেম্বর। এদিকে সারা দেশে কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। কেন্দ্রীয় নেতাদের মহানগর ও জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক সমন্বয় করবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। উপস্থিত থাকবেন ঐ মহানগর ও জেলার কেন্দ্রীয় নেতারা।
জনতার আওয়াজ/আ আ