দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে, দুর্ভিক্ষের আলামত দেখতে পাচ্ছি: রিজভী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে, দুর্ভিক্ষের আলামত দেখতে পাচ্ছি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে অর্থনীতির কঠিন ও করুণ অবস্থা চলছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কিনা—এই প্রশ্ন এখন মানুষের মনে। দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে বা শুনতে পাই, তাহলে জনগণ আমাদের ছেড়ে দেবে না।’

শুক্রবার (১১ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগমুক্তি কামনায় দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছে। আমরা মানবিক সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য লড়াই করছি। আর এর জন্য দরকার চিরায়ত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র, খাঁটি গণতন্ত্র। এটি বৃহত্তর আদর্শের লড়াই, যেখানে জনগণের মালিকানা জনগণের কাছেই ফিরে আসবে। কিন্তু সেই মালিকানা আটকে রাখা মানেই বড় ধরনের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া।’

তিনি বলেন, ‘জনগণের সরকার থাকলে প্রতিটি পদে পদে জবাবদিহি করতে হয়। সেই জবাবদিহিতা এখন নেই। আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি, সেটাও জনসমর্থিত। কারণ, আওয়ামী লীগ ও তাদের কয়েকটি দোসর ছাড়া প্রায় সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করেছে। ড. মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা সবাই সমর্থন করে যাচ্ছি। কিন্তু এটাও ঠিক, যদি দুর্ভিক্ষের আলামত দেখা দেয়, তাহলে জনগণ আমাদের ছেড়ে দেবে না।’

তিনি আরও বলেন, ‘আজ অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ কর্মহীন হয়ে পড়ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে, তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। এই আলামত তৈরি হলে কেউই রেহাই পাবে না। আর হাততালি দেবে ওই পতিত ফ্যাসিস্টরাই।’

রিজভী বলেন, ‘যারা দোসর সেজে ব্যাংকের হাজার কোটি টাকা মেরে বিদেশে পাচার করেছে, তাদের সাথে কিছু নামমাত্র প্রতিষ্ঠানও একই কাজ করেছে। সরকার ইচ্ছা করলে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়ে চালাতে পারে। গার্মেন্টসগুলো যাতে বন্ধ না হয়, সরকার চাইলেই টেকওভার করতে পারে। দোষীদের বিচার করুন, কিন্তু শ্রমিকদের কলকারখানা যেন বন্ধ না হয়—কারণ অর্থনীতির কঠিন করুণ অবস্থা চলছে। এটা শুধু কথার কথা নয়, সামনে যদি দুর্ভিক্ষ হয়, তাহলে কিন্তু জনগণ কাউকেই ছেড়ে দেবে না। শুধুমাত্র আর্থিক শৃঙ্খলা ফেরালেই হবে না, কর্মসংস্থান না বাড়ালে কেউ রেহাই পাবে না।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়গুলো ভাবুন। শুধু শিশুদের মতো চকলেট বা খেলনার জন্য জেদ ধরা মানসিকতা দিয়ে রাষ্ট্র চলবে না। এতে গণতন্ত্রের সর্বনাশ হবে, প্রকৃত গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে এবং আমরা একটি দীর্ঘস্থায়ী অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব।’

বিএনপির সংস্কার বিষয়ে রিজভী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কখনও সংস্কারবিরোধী কোনো কথা বলা হয়নি। বরং সংস্কারের পক্ষেই কথা বলা হয়েছে। আপনারা যে সংস্কারের কথা বলছেন, বিএনপির ৩১ দফার মধ্যে অনেক বিষয়ই প্রতিফলিত হয়েছে। জুলাই সনদে উল্লেখিত অনেক বিষয়ই বিএনপি গ্রহণ করেছে। তবে এটিকে মূলনীতির মধ্যে নিতে হবে কেন? যুগে যুগে দেশে-দেশে সংস্কার হয়। সংস্কার কোনো পাহাড় নয়, এটি চলমান ও গতিশীল ব্যাপার। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে গণতন্ত্র, রাষ্ট্র ও জনগণের স্বার্থে যখন যা দরকার হবে, তখনই সংস্কার হবে, আইন প্রণয়ন হবে। এটাই গণতান্ত্রিক সংবিধানের নিয়ম।’

তিনি বলেন, ‘এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কেন জনগণকে বিভ্রান্ত করছেন? এটা না করে আমরা বলেছি—জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিন। এটাই সবচেয়ে বড় কাজ। শেখ হাসিনা গত ১৬ বছর ধরে সেই ক্ষমতার দরজা বন্ধ করে রেখেছেন। এখন সেই দরজা খুলতে হবে, জনগণকে তার ক্ষমতা ফেরত দিতে হবে—অর্থাৎ জনগণ যেন তার মনোনীত সরকার গঠন করতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড. শফিকুল ইসলাম, মহাসচিব ড. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দল্লাহহিল মাছুদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন (জিয়া পরিষদ ডেসকো শাখা), যুগ্ম আহ্বায়ক শামসুল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ