দেশে আইনের উৎস হচ্ছে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে আইনের উৎস হচ্ছে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

 

বাংলাদেশে আইনের উৎস হচ্ছে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘প্রকৃত আইন, সুবিচার এবং গণতন্ত্রে বিরোধী দলের অধিকারের যবনিকা টানা হয়েছে। সরকারের নির্দেশে পুলিশ এই মুহূর্তে যা কিছুই করছে সেটি এক গভীর চক্রান্ত। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে ‘বিশেষ অভিযান পরিচালনা’ প্রসঙ্গে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা দুরভিসন্ধিমূলক। ১০ ডিসেম্বরের গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই আজ থেকে আবাসিক হোটেল, মেস, হোস্টেল, প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টারে নিয়মিত তল্লাশী চালানোর কথা বলা হয়েছে। এটা দিবালোকের মতো সত্য যে, গণসমাবেশকে নিয়েই পুলিশের এই অশুভ তৎপরতা। নেতাকর্মীদের হয়রানি এবং জনমনে ভীতি তৈরি করার উদ্দেশ্য।’

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ভয়ঙ্কর চক্রান্তের খেলায় মেতেছেন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘‘১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশকে নিয়ে অবৈধ সরকার যেন বেসামাল হয়ে পড়েছে। শুরু করেছে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার, মিথ্যা কাহিনী সাজিয়ে পাইকারীহারে মামলা দায়ের, গভীর রাতে নেতাকর্মীদের বাড়িতে ডাকাতের মতো হানা দেয়া, পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার চরম মাত্রায় শুরু করেছে আওয়ামী বাহিনী।’’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘মনে হয়, পুলিশ শেখ হাসিনার কাছে শপথ গ্রহণ করেছে যেভাবেই হোক ১০ ডিসেম্বর গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে হবে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর এবং দেশের অন্যান্য অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। শেখ হাসিনা জনআতঙ্কে ভুগছে। তাই ঢাকায় গণসমাবেশের কথা শুনেই দিশেহারা হয়ে দমণের নিষ্ঠুর পথ অবলম্বন করেছেন।’

রিজভী অভিযোগ করে বলেন, গতকাল নারায়ণগঞ্জে মশাল মিছিল করে ককটেল বিস্ফোরণ এবং মুন্সিগঞ্জে সিএনজিতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনাগুলো চক্রান্তের ধারাবাহিকতা। গোয়েন্দা সংস্থা ও আওয়ামী সন্ত্রাসীদের আগুন সন্ত্রাস মঞ্চস্থ করার যৌথ মহড়া। এই চক্রান্তগুলো শুরু হয়েছে ঢাকা জেলা আদালত থেকে দুই জঙ্গি পলায়নের নাটক থেকে। গত আন্দোলনের মতোই নিজেরা ঘটনা ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু জনগণের কাছে অতীতের মতো এসব ঘটনাও বিশ্বাসযোগ্য হবে না। নাটক-ফাটক করে গণতান্ত্রিক আন্দোলন রোধ করা যাবে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা টিকে থাকার স্বার্থে মনুষ্যত্বহীন যেকোন অপকর্ম করতে দ্বিধা করবে না।

তিনি বলেন, বিএনপি’র গণসমাবেশকে নানাভাবে বিতর্কিত ও প্রতিহত করার জন্যই দিন-রাত কাজ করে যাচ্ছে সরকারের বিভিন্ন এজেন্সি এবং আওয়ামী লীগের দুর্বৃত্তরা। পাইকারী হারে গ্রেফতার করার পরেও ফ্যাসিস্ট সরকার নিশ্চিত হতে পারছে না জনগণের বাঁধভাঙ্গা ঢল আটকাতে পারবে কিনা।

রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের উত্থান এই মুহূর্তেই প্রতিহত করতে হবে। মানুষের মানবাধিকার রক্ষার স্বার্থেই অবৈধ আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে হবে। অবাধ-স্বচ্ছ নির্বাচন, প্রকৃত গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা এবং সর্বোপরি ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গণতন্ত্রকামী মানুষের যে আন্দোলন তা দমানো যাবে না।

সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলা-গ্রেফতারের চিত্র তুলে ধরে তিনি বলেন, গতকাল ৬৮ নেতাকর্মী মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে বগুড়া ফেরার পথে তাদের বহনকারী বাস থামিয়ে ৩০/৩৫ জনকে শাহবাগ থানায় আটকে রেখেছে পুলিশ।

রিজভী বলেন, গতকাল বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশের সামনেই ছাত্রলীগ-যুবলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী পূর্বপরিকল্পিত হামলা চালিয়ে ১৫ জনের অধিক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। পুলিশও গুলিবর্ষণ করেছে। ফরিদপুর জেলা, মহানগরের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সা. সম্পাদকসহ ৩০ জনের নামে বিস্ফোরক আইনে সাজানো মামলা দায়ের করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ