দেশে চাহিদার তুলনায় অনেক বেশি গরু রয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৮, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে চাহিদার তুলনায় অনেক বেশি গরু রয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

 

বগুড়া প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘পবিত্র ঈদুল আজহায় দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত গবাদিপশু মজুত আছে। কোরবানির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনও প্রয়োজন নেই। দেশে চাহিদার তুলনায় অনেক বেশি গরু রয়েছে। বাইরে থেকে যেন কোনও গবাদিপশু দেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবিকে সর্বোচ্চ সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

রবিবার বিকালে বগুড়া শহরের গোকুল এলাকায় হোটেল মম ইন কনভেনশন সেন্টারে ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পাঁচ শতাধিক খামারি ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন।

প্রাণীর চামড়ার দাম কমে যাওয়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে উল্লেখ করে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘চামড়ার দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি খামারিরা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারেন, সে বিষয়েও সরকার কাজ করছে। খামারি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সরকার খামারিদের কল্যাণে কাজ করছে এবং কৃষকদের মতো খামারিরাও কার্ড পাবেন। পাশাপাশি খামারিদের ঋণ সংক্রান্ত বিষয়েও সরকার ইতোমধ্যে আলোচনা করছে।’

প্রতিমন্ত্রী জানান, এবারের ঈদে খামারিরা যাতে ন্যায্যমূল্য পান সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক শাহজামাল খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন– বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মোস্তফা কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামছুন্নাহার আহমদ। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন– রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান মিয়া।

সেমিনার শেষে সন্ধ্যায় প্রতিমন্ত্রী বগুড়ার জয়পুরপাড়ায় নবনির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন করেন। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত কসাইখানা ৫০ ডেসিমেল জমির ওপর গড়ে তোলা হয়েছে। সেখানে প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও প্রস্তুত করা যাবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ডেভেলপমেন্ট অব লাইভস্টক সার্ভিসেসের আওতায় ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট’ প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাংকের অর্থায়নে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর এটি বগুড়া সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ