দেশে নির্বাচিত সরকার না থাকলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন হয় না - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে নির্বাচিত সরকার না থাকলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন হয় না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ৪, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশে নির্বাচিত সরকার না থাকলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন হয় না। দেশ কিভাবে চলবে সেই দায়িত্ব নির্বাচিত সরকারের ওপর থাকে, জনগণ যাদের নির্ভয়ে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করে। আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই পরিবর্তনটা হয়েছে। এখন জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে যশোর নগর মহিলা দলের ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্থানীয় আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, পতিত স্বৈরাচারের আমলে দেশের নারীরা যেভাবে নির্যাতিত হয়েছে, তা জাহেলিয়া যুগকেও হার মানায়। বিএনপি সব সময় নারীর সুরক্ষার জন্য কাজ করে আসছে। এই দেশে আমরা জন্মেছি । এই দেশ আমাদের, দেশের বাইরে আমাদের অন্য কোনো ঠিকানা নেই। আমরা দেশকে আগামী প্রজন্মের জন্য বসবাসের উপযুক্ত করে গড়তে চাই।

তিনি বলেন, আজকে অনেকেই নানা কথা বলে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে। এ থেকে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা আশাবাদী, বর্তমান অন্তর্বর্তী সরকার তার ঘোষণা অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে। জনগণ নির্ভয়ে ভোটের মাঠে গিয়ে স্বাধীনভাবে ভোট প্রদানের সুযোগ করে দেবে। যাতে জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। সেই নির্বাচিত সরকার দেশ ও জনগণের কথা ভাববে। যাদের হাতের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে।

অ্যাডভোকেট সোনিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন মহিলা দলনেত্রী নূরে জাকিয়া সুলতানা মিম।

সমাবেশের পর বিকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যশোর জেলা ড্যাবের রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোরের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ