দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১২:৫০ পূর্বাহ্ণ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। চীনের মাও সেতুং একটা কথা বলতেন, শাসকগোষ্ঠীর পতন অত্যাসন্ন, ও মারা গেছে মনে করো, কীভাবে দাফন করবে সেটা ঠিক করো।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘২৮ অক্টোবর রাজনীতিতে হৃদয়হীনতা এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের পতন শুধু সময়ের ব্যাপার উল্লেখ করে মান্না বলেন, এমন একটা পরিস্থিতি আসবে, যখন সরকারের পালানো ছাড়া পথ থাকবে না, ক্ষমতা ছেড়ে দিতে হবে। এ সময় তিনি নির্বাচনকালীন সরকারের কাঠামো কেমন হবে তা ব্যাখ্যা করেন।
মান্না বলেন, কেউ বলে ‘কেয়ারটেকার সরকার’, আর গণতন্ত্র মঞ্চ নেতারা বলছেন ‘অন্তর্বর্তীকালীন সরকার’। কেয়ারটেকার সরকার মানে শুধু নির্বাচন করবে। কীভাবে ভালো নির্বাচন হয় তার কেয়ার করবে। এ সময়ের মধ্যে দেশে জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে তারা কিছু করতে পারবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু করতে পারবে না, কাউকে চাকরিও দিতে পারবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সরে গেলেও যদি দলীয় পুলিশ আগের মতোই থাকে, তাহলে কি ভালো ভোট করতে পারবে? পুলিশ ও প্রশাসনকে ঢেলে সাজাতে না পারলে ভালো ভোট করা যাবে না। এ কারণে দরকার অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়। যেনতেন প্রকারের নির্বাচনের কথা বললে সত্যিকারভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না।
মান্না বলেন, এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই নির্বাচন কমিশন থাকতে পারবে না, এই সংসদ বাতিল করতে হবে এবং ইভিএম চলবে না। এই শর্তগুলোর কোনোটার ব্যাপারে আপস নেই। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, নির্বাচন করার উপযুক্ত করতে হবে এবং দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জনতার আওয়াজ/আ আ