দেশের মসৃণ উত্তরণের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের মসৃণ উত্তরণের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৮:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণ, পরবর্তী সময়ে উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে উত্তরণ লাভ এবং এর ডেলটা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ২০২৬ সালে জাতিসংঘের এলডিসি মর্যাদা থেকে মসৃণ ও টেকসই উত্তরণ লাভের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি বিশ্বব্যাংককে আমাদের মানব পুঁজি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচিগুলোকে একটি মসৃণ উত্তরণের জন্য সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করছি। সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ আইডিএ উইন্ডোটি সংরক্ষণ ও অব্যাহত রাখা প্রয়োজন।’

ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরের প্রিস্টন অডিটরিয়ামে সোমবার অনুষ্ঠিত ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারত্বের ৫০ বছরের প্রতিফলন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বিশ্বব্যাংকের সামনে পাঁচটি সুনির্দিষ্ট পরামর্শ রেখেছেন, যা বিশ্বব্যাংক ঋণদাতাদের বিবেচনায় নেওয়া উচিত।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ অবকাঠামো ও লজিস্টিকসে বিনিয়োগ অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করব বিশ্বব্যাংক আগামী বছরগুলোতে আমাদের ভৌত ও সামাজিক উভয় খাতে মেগা প্রকল্পগুলোতে সম্পৃক্ত হবে।’ তিনি বলেন, বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জাতীয় আকাঙ্ক্ষার সঙ্গে জাতিসংঘের এসডিজির সমন্বয় করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংক ও অন্য উন্নয়ন সহযোগীদের বর্ধিত, ছাড় দেওয়া এবং উদ্ভাবনী অর্থায়নের জরুরি প্রত্যাশা রয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, মহামারি, সশস্ত্র সংঘাত এবং জলবায়ু জরুরি অবস্থার কারণে চলমান বৈশ্বিক একাধিক সংকট বেশির ভাগ উন্নয়নশীল অর্থনীতিকে গুরুতর চাপের মধ্যে ফেলেছে। তিনি বলেন, মহামারি ও সশস্ত্র সংঘাত থেকে উদ্ভূত একাধিক সংকট সত্ত্বেও কিছু উন্নয়ন অংশীদার তাদের ঋণের খরচ এবং সুদের হার বাড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বব্যাংক ও অন্য উন্নয়ন অংশীদারদের কার্যকর বিকল্প খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের অর্থনীতিগুলোর উদ্ভূত চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারে।’ তিনি আরও বলেন, বাংলাদেশ আশা করে যে জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের বর্ধিত সম্পৃক্ততা প্যারিস চুক্তির অধীনে অর্থায়নের ঘাটতি পূরণে সহায়তা করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ