ধানমণ্ডি সাত মসজিদ সড়কের গাছকাটা বন্ধের দাবিতে নগর ভবন ঘেরাও রবিবার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধানমণ্ডি সাত মসজিদ সড়কের গাছকাটা বন্ধের দাবিতে নগর ভবন ঘেরাও রবিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২১, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর ধানমণ্ডি সাত মসজিদ সড়কের গাছকাটা বন্ধ করাসহ প্রাণ-প্রকৃতি, পরিবেশ রক্ষার দাবিতে রবিবার (২১ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘেরাও কর্মসূচি পালন করবে পরিবেশবাদী সংগঠনগুলো। এ জন্য সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বরে জমায়েত শেষে বেলা ১১টায় নগরভবন অভিমুখে যাত্রা করবেন প্রতিবাদকারীরা।

প্রতি বছর ২২ মে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। প্রাণবৈচিত্র্য দিবসের আগের দিন এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ মে) বিকেল ৫টায় ধানমন্ডি আবাহনী মাঠের সামনের চত্ত্বরে ‘গাছের জন্য নগর ভবন ঘেরাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আমিরুল রাজিব।

এতে আরও বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন মুরশিদ, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জামসেদ আনোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা লিটন নন্দী, আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রনেতা আদৃতা রায়। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন গ্রিন ভয়েজের সমন্বয়ক আলমগীর কবির।

সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, ধানমন্ডি সাতমসজিদ সড়কসহ ঢাকার জনপরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছকাটা বন্ধ করতে হবে; সড়কের গাছকাটা বন্ধ করে কাটা গাছের স্থানে বৈচিত্র্যময় দেশীয় প্রজাতির গাছের চারা লাগাতে হবে; জনগণের করের টাকায় একবার গাছ লাগানো এবং আরেকবার গাছ কেটে আবার গাছ লাগানোর নতুন প্রকল্প গ্রহণের নামে গাছ-বাণিজ্য বন্ধ করতে হবে এবং নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বৃক্ষ ও নগরবাসীবান্ধব সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করতে হবে।

আমিরুল রাজিব বলেন, ‘আন্দোলনের প্রেক্ষিতে ডিএসসিসি স্বীকার করেছে ৩০টি গাছ বাদে তারা সাত মসজিদ সড়কের সব গাছ কেটে ফেলেছে। ঘটনাটিকে তারা দুঃখজনক বলেও স্বীকার করেছে।’

তিনি বলেন, ‘আন্দোলনের প্রেক্ষিতে ১৯ মে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সড়ক বিভাজকে তারা রঙ্গন, কামিনী, বাগানবিলাস, চন্দ্রপ্রভা ও কাঞ্চন ফুলের প্রায় ১৫০০ গাছের চারা রোপণ করবে। ১.৭ কিলোমিটার দীর্ঘ এ সড়ক বিভাজকে গাছ লাগাতে সিটি করপোরেশনের আবার ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ