নজরুল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে তৃতীয় গবেষণা মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী তৃতীয় গবেষণা মেলা-২০২৫।
বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে মেলার আয়োজন করা হয়। সকালে বেলুন উড়িয়ে ও কেক কেটে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পরে তিনি বার্ষিক গবেষণা প্রবন্ধের মোড়ক উন্মোচন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “অন্যান্য প্রতিষ্ঠান কেবল জ্ঞান বিতরণ করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তার চেয়েও বেশি—এখানে নতুন জ্ঞানের সৃষ্টি হয় এবং তা সমাজে ছড়িয়ে দেওয়া হয়। যারা গবেষণায় বেশি বিনিয়োগ করেছে, তারাই উন্নত হয়েছে। মাইক্রোসফট, অ্যাপল, গুগল—এসব প্রতিষ্ঠান তার উদাহরণ। আমাদের বিশ্ববিদ্যালয়েও অনেক মেধাবী শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন, যারা দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখছেন।”
মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্রের অংশগ্রহণে মোট ২৮টি স্টল স্থাপন করা হয়। যেখানে তাদের গবেষণা, প্রকাশনা ও ব্যবহারিক কাজ উপস্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং মতবিনিময় করেন। এছাড়া প্রতিটি বিভাগকে নিজেদের গবেষণা কার্যক্রম উপস্থাপনের সুযোগ দেওয়া হয়।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
গবেষণা মেলার অংশ হিসেবে আইকিউএসি-এর অর্থায়নে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের জন্য গবেষণা-সহায়ক সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, যা প্রযুক্তিনির্ভর গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘Research Idea Competition’-এ বিজয়ীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। দিনব্যাপী এই গবেষণা মেলা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়, যেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা প্রাণবন্ত অংশগ্রহণ করেন।
জনতার আওয়াজ/আ আ