নতুন শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ড. ইউনূসের ধন্যবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ড. ইউনূসের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর আরোপ করা নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে দেয়া পোস্টে বলা হয়, ‘আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য অ্যাজেন্ডাকে সহযোগিতা করার জন্য আপনার প্রশাসনের সাথে আমরা কাজ চালিয়ে যাব।’

এর আগে, একইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের এক পোস্টে চীন বাদে যেসব দেশের ওপর পারস্পারিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো ৯০ দিনের জন্য স্থগিত করার কথা জানান।

তিনি বলেন, ৯০ দিনের বিরতির মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় থাকবে। আলোচনা করতে চায় এমন দেশগুলোর ওপর শুল্ক হার ১০ শতাংশে নেমে আসবে।

অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনের উপর শুল্ক আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা অনুসারে, চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বেড়ে ১২৫ শতাংশ করা হবে।

এদিকে চীন সরকার বলেছে, যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য যুদ্ধ আরো বাড়িয়ে তুলতে থাকে তবে তারা শেষ পর্যন্ত লড়াই করবে।

উল্লেখ্য, গত বুধবার ট্রাম্প ১৮০টিরও বেশি দেশের ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। এ সময় চীনের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

এর প্রেক্ষিতে চীন পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমস্ত আমদানির উপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে, যা ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে দেখা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ