নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু বর্ষবরণ উৎসব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের বর্ষবরণের অনুষ্ঠান, চাকমাদের বিজু এবং তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসব।
এ উপলক্ষ্যে আজ শনিবার (১২ এপ্রিল) সকালে কয়েক শত চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিশু ও নারী-পুরুষ বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসান। এর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেন তারা।
বিজুর তাৎপর্য তুলে ধরে ফুল ভাসাতে আসা রিয়েলি চাকমা বলেন, ‘ফুল বিজু মানে নদী ও পানির সঙ্গে একটা আধ্যাত্মিক বিশ্বাস আছে। এই বিশ্বাসের মাধ্যমে আমরা নদীকে পবিত্র মনে করি। নদী বা গঙ্গাকে সম্মান করে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করা হয়।’
বালাঘাটা এলাকার বাসিন্দা সুপ্রিয়া তঞ্চঙ্গ্যা বলেন, ‘প্রতিবছর ১২ এপ্রিল পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পুরাতন দুঃখ-কষ্ট ধুয়ে মুছে নতুন জীবন গড়ব। নতুন স্বপ্ন দেখব। আমরা পাহাড়ে বসবাসরত আদিবাসী সম্প্রদায় সবাইকে এক সঙ্গে নিয়ে চলতে চাই। সবার সঙ্গে সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এভাবে মঙ্গল কামনা করে গঙ্গা বা নদীকে পূজা করে বিঝুর ফুল ভাসিয়েছি।’
বান্দরবান জেলা পরিষদের সদস্য ও তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক রাজুময় তঞ্চঙ্গ্যা জানান, ‘বিষু উপলক্ষ্যে আজকের শনিবার বিকালে বান্দরবান সদর উপজেলার রেইছা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণের উৎসব পালন করা হবে। সেখানে তঞ্চঙ্গ্যাদের জাতীয় ঘিলা খেলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অতিথি থাকার কথা রয়েছে।’
জনতার আওয়াজ/আ আ