নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির অনুমতি পেল বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে আগামীকাল বুধবার চার ঘণ্টার অবস্থান কর্মসূচি করবে বিএনপি। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন পুলিশের অনুমতি পাওয়ার কথা জানান।
তিনি বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়া পল্টনে আমাদের কেন্দ্রৗয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করব।’ এর আগে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান তিনি। তারা কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
এদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, যান চলাচল স্বাভাবিক রেখে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটলে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ বিরোধী জোটগুলো আলাদাভাবে বুধবার ঢাকাসহ বিভাগীয় শহরে অবস্থান কর্মসূচির করবে। এর আগে তারা যুগপৎভাবে গণমিছিলের কর্মসূচিও করেছে।
কার অবস্থান কোথায়:
জানা গেছে, সারা দেশের ১০টি সাংগঠনিক বিভাগে একযোগে গণঅবস্থান পালন করবে বিএনপিসহ বিভিন্ন সমমনা দল ও জোটের নেতারা। রাজধানীতে নয়াপল্টনে বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। শীর্ষ নেতাদের মধ্যে এখানে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।
এছাড়া বিভাগীয় গণঅবস্থানে সিনিয়র নেতাদের মধ্যে অবস্থান নিবেন সিলেট বিভাগে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহী বিভাগে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ময়মনসিংহ বিভাগে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশাল বিভাগে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, রংপুর বিভাগে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লা বিভাগে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, খুলনা বিভাগে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং ফরিদপুর বিভাগে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
এরমধ্যে গঠিত সমন্বয় টিমের দলনেতা, সমন্বয়কারী, সমন্বয় সহযোগীসহ বিভাগের অন্তর্গত জেলা সমূহের অধিবাসী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক, সদস্য, জেলা, উপজেলা ও মহানগরসহ অন্যান্য নেতৃবৃন্দসহ স্ব-স্ব বিভাগীয় সদরের কর্মসূচিতে অংশ নেবেন।
জনতার আওয়াজ/আ আ