নরসিংদীর বেলাব বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীর বেলাব বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ২:২৫ অপরাহ্ণ

 

নরসিংদীর বেলাব বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার(১ ডিসেম্বর) পুলিশ বাদী হয়ে বিএনপির ১২ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা করে। পরে মামলার পরিপ্রেক্ষিতে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদ রানা (৩৬) ও খোরশেদ আলম (৪৮)। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় বেলাব বাজারের পাট পট্রি সংলগ্ন কুদ্দুস ভূঁইয়ার পাট গোদামের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাসুদ নামে বিএনপির এক কর্মীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবিস্ফোরিত লাল স্কচটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাঘবের এলাকার খোরশেদ আলমের বাড়ি থেকে খোরশেদকে আটক করা হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে বেলাব উপজেলা বিএনপি, জামায়াত শিবির ও অঙ্গ সংগঠনের উশৃঙ্খল নেতাকর্মীরা ওই স্থানে আন্দোলনের নামে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়।

এ ঘটনায় বৃহস্পতিবার বেলাব থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হাসান বাদী হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবসহ বিএনপির ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা করেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ