নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২ ১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২ ১:০৫ অপরাহ্ণ

ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিন কর্মব্যস্তভাবে কাটিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় দিন আজ। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনটিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়া বেশ কয়েকটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।
এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে চার দিনের সফরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়া দিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি পৌঁছায়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান।
জানা গেছে, হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও একান্ত আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন সফররত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আনুষ্ঠানিক গার্ড অব অনারও দেওয়া হবে তাকে।
এদিকে দ্বিপাক্ষিক আলোচনার পর, দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে একটি প্রেস বিবৃতি জারি করা হবে। পরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এদিন তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরদিন বুধবার (৭ সেপ্টেম্বর) ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডি এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী তার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। পরে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার কথা রয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সভায় এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদানের অনুষ্ঠানে বক্তৃতা করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফেরার আগে রাজস্থানের খাজা গরিব নওয়াজ দরগাহ শরিফ, আজমির (আজমির শরিফ দরগাহ) জিয়ারত করবেন।
উল্লেখ্য, করোনা মহামারি মহামারির প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালে শেষবার ভারত সফর করেন প্রধানমন্ত্রী। এবারের সফরে প্রধানমন্ত্রী একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, যার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
জনতার আওয়াজ/আ আ