নাইকো দুর্নীতি মামলায় দুই কানাডিয়ান পুলিশের সাক্ষ্য
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুই কানাডিয়ান পুলিশ। তারা হলেন রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।
সোমবার (৩০ অক্টোবর) সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এ দিন লয়েড শোয়েপের জেরা শেষ হলেও কেবিন দুগ্গানের জেরা শেষ হয়নি। আদালত দুগ্গানের জেরার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান ৩০ অক্টোবর তাদের আদালতে এসে তাদের সাক্ষ্য দিতে এ সমন জারি করেন।
জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন এবং কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশের দুজনকে অনুমতি দেন আদালত। তারা হলেন- যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের অবসরপ্রাপ্ত সুপারভাইসরি স্পেশাল এজেন্ট ডেবরা লাপরিবট্ট গ্রিফিথ, কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।
জনতার আওয়াজ/আ আ