না’গঞ্জে শ্রমিক ছাঁটা বন্ধ ও বকেয়া বেতন ভাতার দাবিতে : শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই বন্ধের প্রতিবাদে ও দুই মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ করেছে একটি রপ্তানিমুখি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার নন্দলালপুর এলাকায় প্রাইম ট্রেক্সটাইল লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের দাবি, আড়াইহাজার শ্রমিক এই কারখানাটিতে কর্মরত রয়েছে। দীর্ঘ দশ থেকে বিশ বছর পর্যন্ত অনেক শ্রমিক এখানে কর্মরত আছেন। তবে মালিকপক্ষ কোন নোটিশ না দিয়ে গত মাসে ৩’শ ৬০ জন শ্রমিককে ছাঁটাই করে। আরও সাড়ে ৬’শ শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণাও দেয়া হয়।
এছাড়া গত নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য কোন ভাতা পরিশোধ না করে মালিকপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকরা সকালে কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধ ও “লে অফ” সাইনবোর্ড টানানো দেখে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এসময় শ্রমিকরা সবাই কারখানার সামনে সড়কে অবস্থান নিয়ে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ এসে মালিকপক্ষের সাথে আলোচনা করে কোন সমাধান দিতে না পারায় শ্রমিকরা তাদের আন্দোলন অব্যাহত রাখেন।
অবিলম্বে সকল বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা। অন্যথায় সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
জনতার আওয়াজ/আ আ