নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় এক ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছরের ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) এবং চার বছরের ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়।

পুলিশ জানায়, বউবাজারে পলাশ ভূঁইয়া সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন হাবিবুল্লাহ শিপলু।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজে পাশের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন শিপলু।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, বিকাল ৫টার দিকে খবর পাই বাবুরাইল বউবাজারে একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে তিনজনের মরদেহ পড়ে আছে।

তিনি জানান, সকাল থেকে ওই ফ্ল্যাটের ভেতর থেকেই দরজা লক করা ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলে দরজা না খোলায় এবং ঘরের ভেতরে যারা আছে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজনের সন্দেহ হয়। পরে তারা তার আত্মীয়স্বজনদের খবর দেন। আত্মীয়স্বজন এসে পুলিশকে খবর দেন।

পুলিশ এসে তাদের ঘরের ভেতরে যাওয়ার জন্য বললে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আফরানের মুখের উপর বালিশচাপা দেওয়া আছে। পাশের ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন শিপলু। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলু জানান, সমিতির গ্রাহকরা তার ও রমজান মিয়ার কাছে টাকা পেতেন। এই টাকার জন্য গ্রাহকরা প্রায়ই তাকে ও তার মালিককে চাপ দিত। এ নিয়ে এলাকায় শিপলু ও রমজান সমিতির মালিক রমজান আলী বেশ কয়েকবার লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন। মামলায় জড়িত হয়ে হেনস্তা হয়েছেন। গ্রাহকের টাকার চাপ সইতে না পেরেই সে দুনিয়া ছেড়ে চেলে গেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ভেতরে থেকে ঘরের দরজা লক করা ছিল। এতে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামী শিপলু স্ত্রী ও সন্তানকে বালিশ দিয়ে চাপা দিয়ে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ