নিজের অবস্থান খোলাসা করলেন মেজর হাফিজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিজের অবস্থান খোলাসা করলেন মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি ছেড়ে নতুন দল গঠন করছেন’- এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরে চলছিল দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে নিয়ে। সেই গুঞ্জনে হাওয়া লাগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের একটি বক্তব্যে। নিজেকে নিয়ে গুজব আর গুঞ্জনের বিষয়টি মানবজমিন-এর সঙ্গে আলাপে খোলাসা করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। সিএমএইচ এবং সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছি। আবারও চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবো। রাজনীতি নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা-ভাবনা করছি না। তবে আমি রাজনৈতিক পরিস্থিতি দেখছি।

মেজর হাফিজের নেতৃত্বে নতুন আরেকটি দল গঠন হচ্ছে- তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেবো। আর যদি বিএনপি নির্বাচনে অংশ না নেয় তখন আমি সিদ্ধান্ত নিবো।

তৃণমূল বিএনপিতে যোগ দেয়ার বিষয়ে গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, তৃণমূল বিএনপি আমি চিনিই না।

এরচেয়ে বেশি কিছু বলতে চাই না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপিতে সক্রিয় নই। বিএনপিতে আমার কোনো অবস্থানও নেই। তবে ৩১ বছর ধরে বিএনপি করি। আমি বিএনপির মঙ্গল কামনা করি।
৭৯ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমেদ গত দুই মাস আগে অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ‘জেড’ ফোর্সে ছিলেন মেজর হাফিজ। যুদ্ধে সাহসিকতার জন্যে তিনি বীর বিক্রম খেতাব পান।
সামরিক বাহিনী থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যুক্ত হন। হাফিজ ‍উদ্দিন আহমেদ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়া সরকার গঠন করলে তাকে পানি সম্পদমন্ত্রীর দায়িত্ব দেন। দীর্ঘ এক যুগের বেশি সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন তিনি। সরকারের দমননীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারাগারও যেতে হয়েছে তাকে। ২০২০ সালে দলীয় সিদ্ধান্তের বাইরে এক কর্মসূচিতে অংশ নেয়ায় হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে কারণদর্শানো নোটিশ দিয়েছিলো বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ