নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন, আসবে নতুন মুখ : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপাতত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা নেই। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি পর পর দুই টার্ম থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না।
বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
যুক্তরাজ্যের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
চারদিনের এ কর্মশালায় বাংলাদেশের বিচার বিভাগের বিভিন্ন সমস্যা যেমন মামলাজট, মামলা ব্যবস্থাপনা, দ্রুত মামলা নিষ্পত্তির পন্থা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
বিএনপি নেতাদের জামিনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নয়ই, সরকারের অন্য কোনো মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করে থাকে, যে জামিন দেয়া যাবে, আদালত জামিন দিয়েছে। যদি মনে করে থাকে যে, জামিন দেয়া যাবে না, তখন দেয়নি।
মন্ত্রী আরো বলেন, এটা অহরহ হয়ে থাকে যে নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয়, নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত সেখানে হস্তক্ষেপ করে তা আটকে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে।
এটা নিয়ে যারা অভিযোগ করছেন, তারা হয়তো জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি বা দেখলেও তারা সেইসব অভিজ্ঞতার কথা এখন বলতে চান না।
আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকোর্টের জজ বিচারপতি মওরা ম্যাকগোয়ান ও যুক্তরাজ্যের সার্কিট জজ খাতুন সাপনারা বক্তব্য দেন।
সূত্র : ইউএনবি
জনতার আওয়াজ/আ আ