নির্বাচন পর্যবেক্ষণে আসছে যেসব দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারত, ফিলিস্তিন, জাপান, ওআইসি ও আরব লীগের প্রতিনিধিরা আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। রবিবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এ মুখপাত্র।
তিনি জানান, ইইউর এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এছাড়া ভারত থেকে আসবে, ফিলিস্তিন, ওআইসি, আরব লীগ থেকেও আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আরও কিছু আবেদন আছে।
কোন কোন দেশ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে, এমন প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, ভারত, ফিলিস্তিন, ওআইসি, জাপান। ভারত থেকে তিনজন আসবে, ফিলিস্তিন থেকে ছয়জন (এদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে)। আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি-১৬ জন। এছাড়া ওআইসি ও আরব লীগ কতজন আসবে সেই তথ্যটা এখন আমার কাছে নেই।
গত বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, নির্বাচন দেখতে পর্যবেক্ষক হিসেবে ১৩১ জন আর সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন। মোট আবেদন করেছেন ১৭৯ জন। ইসির দেওয়ার সময় অনুযায়ী, গত বৃহস্পতিবার ছিল বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার শেষ সময়। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের অনুমোদন দেওয়ার কথা রয়েছে সংস্থাটির।
জনতার আওয়াজ/আ আ