নির্বাচনী পরবর্তী সহিংসতায় নিহত ৩, আহত ২০০ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনী পরবর্তী সহিংসতায় নিহত ৩, আহত ২০০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ

 

এইচআরএসএস’র তথ্য
নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সারা দেশে সহিংসতায় ৩ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। ১৫০ টির বেশি গৃহ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এ তথ্য জানিয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট পাটের এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছে এইচআরএসএস।

সংস্থার তথ্য অনুযায়ী, যে সকল নাগরিক ভোট দেননি এমন কিছু মানুষের ওপর ও তাদের বাড়িতে হামলা হয়েছে। পরাজিত কিংবা বিজয়ী দলের প্রার্থী, ভোটার ও কর্মী-সমর্থকসহ সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী ও বেদে সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঝিনাইদহের পোড়াহাটিতে অন্তত ৪০ টি, মাদারীপুরের কালকিনি ও কাউয়াকুড়ির ৪০টি, সিরাজগঞ্জের বেলকুচিতে ২০ টির অধিক দোকান, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়েছে। এসময় শারীরিক নির্যাতনের পাশাপাশি নগদ অর্থ, স্বর্ণালংকার, গবাদি পশুসহ আসবাবপত্র লুটপাট হয়েছে।

এ ছাড়া পিরোজপুরের ইন্দুরকানি, নেত্রকোনার কেন্দুয়া, সাতক্ষীরার শ্যামনগর, গাজীপুর, গাইবান্ধা, খুলনার ডুমুরিয়া, নাটোর, নারায়ণগঞ্জের সোনারগাঁ, ঢাকার ধামরাই, কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখালী, মুন্সিগঞ্জের সিরাজদীখান, পটুয়াখালীর কলাপাড়া, রাজশাহীর পবা ও পারিলাসহ দেশের বিাভন্ন জায়গায় ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় বিভিন্ন দলের সমর্থক, সাধারণ মানুষ বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়সহ অন্তত ৩ জনের প্রাণহানি, ২০০ জনের বেশি আহত ও কমপক্ষে ১৫০ টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

এমন পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে ইজাজুল ইসলাম বলেন, সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উক্ত ঘটনা গুলোকে আমলে নিয়ে দ্রততার সাথে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করে দেশের মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ