নির্বাচনে টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে বিটিআরসির উদ্যোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে বিটিআরসির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে জরুরি সেবা হিসেবে টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণ ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক সচল রাখার স্বার্থে উদ্যোগ গ্রহণ করেছে বিটিআরসি। এ উপলক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য বিটিআরসির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল টেলিকম অপারেটরদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিটিআরসির পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার একটি অতীব গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সরকারি সংশ্লিষ্ট সংস্থাসমূহের নানাবিধ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রাস্তা মেরামতসহ অন্যান্য কার্যক্রমে প্রায়শই ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কর্তনে টেলিযোগাযোগ সেবা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়। নির্বাচন চলাকালীন সময়ে অপটিক্যাল ফাইবার কর্তনের কারণে জরুরি পরিস্থিতিতে টেলিকম অপারেটর কর্তৃক উল্লিখিত ফাইবার মেরামত করা অতীব দুষ্কর হয়ে পড়বে।

এ প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ চলাকালীন সময়ে ও নির্বাচন পরবর্তী সময়ে জরুরি সেবা হিসেবে টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে রাস্তা খনন কার্যক্রমে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ইতোমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক ও জনপথ অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরসহ (এলজিইডি) অধীনস্থ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদানের জন্য বিটিআরসি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ